দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল। ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে লাগতে পারে তিন থেকে পাঁচ বছর। পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে ও কীভাবে গেছে, তা শনাক্তের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।
অর্থ পাচারের সম্পদ উদ্ধারে যা ভাবছে টাস্কফোর্স
২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। পরে ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে। এ ধাপে বিবেচনায় রাখা হয়েছে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে যাওয়ার তথ্য ব্যাংকের কাছে আছে কি না এবং সংশ্লিষ্ট মালিকও বিদেশে চলে গেছেন কি না।
বিদেশে সম্পদের সন্ধান, জব্দ ও আইনি লড়াইয়ে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে। এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না; সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন অর্থায়নকারীরা। শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এমন একটি চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে, এখন আইনি নথি তৈরির কাজ চলছে।
সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে। বিদেশে থাকা বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত, তবে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব আদেশ এখনো কার্যকর হয়নি।
তিনি জানান, পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে, তবে পরিমাণ প্রকাশ করেননি তিনি। উদাহরণ হিসেবে তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের কথা উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একটি ক্ষেত্রে সাময়িক জব্দের ৩০ দিন পর অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে; সেই অর্থের সন্ধানে কাজ চলছে।
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার কারণও জানান ফরহানুল গনি চৌধুরী। তার ভাষায়, অর্থ পাচার স্পর্শকাতর বিষয়। তদন্তের তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িতরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।




