হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী মার্টিন মইস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দেশটির নির্বাচন কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের তালিকায় তার নাম দেখা গেছে। ১০ বছর পর দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মইস হত্যাকাণ্ডের পর হাইতির রাজনীতিতে বড় পরিবর্তন আসে। দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েকটি সরকার ক্ষমতায় এলেও নির্বাচন আয়োজন করতে পারেনি। শক্তিশালী ও ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্রের তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।
আগামী বছরের জুলাইয়ে নির্বাচনের প্রথম দফার ভোট হওয়ার কথা রয়েছে। প্রার্থী হিসেবে নিবন্ধনের বিষয়ে মার্টিন মইস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হাইতি আবার নিজের পায়ে দাঁড়াবে, কারণ রাজনীতি করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
প্রেসিডেন্ট পদে মার্টিন মইসের লড়াই
নির্বাচনে অংশ নিতে মোট ৩৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন, তাদের মধ্যে তিনজন নারী। প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল মার্তেলি ও জোসেলেরম প্রিভার্ট, সাবেক প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক দুপুই। মার্তেলি ও প্রিভার্টসহ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী চক্রকে সহায়তার অভিযোগ রয়েছে, তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে তারা দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জোভেনেল মইস ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্ট হন। ২০২১ সালের জুলাইয়ে কলম্বিয়ার একদল ভাড়াটে যোদ্ধা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা পরিচয়ে তার শোবার ঘরে ঢুকে গুলি চালালে তিনি নিহত হন। এ সময় তার স্ত্রী মার্টিন মইসও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, পরে তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিয়ামির আদালতে চলা মামলায় মার্টিন মইস গুরুত্বপূর্ণ সাক্ষী।
মইসের মৃত্যুর পর হাইতিতে একের পর এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এর মধ্যে সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা আরও বেড়ে গেছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় অংশ এখন তাদের নিয়ন্ত্রণে বলে ধারণা করা হয়। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, নিহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন রাজনীতিক।

