মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন। তিনি জানান, মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আট প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পাঁচ প্লাটুন আনসার সদস্য।
গাজীপুরের শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তা জোরদার
এদিকে রোববার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
তবে আজও গাজীপুরের ছয়টি শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কালিয়াকৈরের কয়েকটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে। কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে ফিরে গেছেন অনেক শ্রমিক।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কয়েক দিন ধরে শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবি/ক রাখতে জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের নানা এলাকায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে আসছে। শনিবার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পর পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবারের বিক্ষোভে আহত এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে ওই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।




