31.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
যুক্তরাষ্ট্র-ইরানের ফের পাল্টাপাল্টি হামলা
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

এক মাস পর আবারও সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার প্রায় এক মাস পর সোমবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে ছয় মাস ধরে চলা যুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলায় ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটি।

হরমুজ প্রণালীতে মার্কিন হামলা

এর আগে রোববার হরমুজ প্রণালীর একটি ছোট দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন বলেছে, ইরান যাতে হরমুজ প্রণালীতে আরও মাইন বা বিস্ফোরক নিক্ষেপ করতে না পারে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে তাৎক্ষণিক হুমকি তৈরি করা ইরানের রেভল্যুশনারি গার্ডের মাইন পাতা ইউনিটগুলোর বিরুদ্ধে সীমিত ও নির্ভুল অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের রেভল্যুশনারি গার্ডের দাবি, মার্কিন হামলায় তাদের কয়েকজন হতাহত হয়েছেন। এর পরই জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলাকে ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশপথে চালানো আগ্রাসনের জবাব’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি।

হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শুরুর ছয় মাস পূর্ণ হওয়ার কিছুদিন পর নতুন করে এই পাল্টাপাল্টি হামলা হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সরাসরি সামরিক সংঘাত কিছুটা কমে এলেও হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা অব্যাহত ছিল।

গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিবর্তে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বা অর্থনৈতিক চাপ বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেয়।

এদিকে ইরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হতো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, গত সপ্তাহে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ থেকে সমুদ্রের মাইন অপসারণের কাজ শেষ করেছে সেন্টকম।

তিনি বলেন, মার্কিন বাহিনী এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

শান্তি আলোচনায় অগ্রগতি নেই

যুদ্ধ বন্ধে কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চলছে। পাকিস্তান ও কাতারসহ কয়েকটি দেশ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। এরপর জুনে চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এখন পর্যন্ত স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করে। ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দেশটির জ্বালানি সরবরাহে চাপ তৈরি করছে। একই সময়ে ইরানের অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতির ফলে সবচেয়ে তীব্র লড়াই বন্ধ হলেও হরমুজ প্রণালীকে ঘিরে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। এতে চূড়ান্ত শান্তিচুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

রোববারের হামলার আগে ইরানের ভূখণ্ডে সর্বশেষ মার্কিন হামলা হয়েছিল ২৯ জুলাই। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওই হামলা চালানো হয়েছিল ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ইরানের আকস্মিক হামলার চেষ্টা’ প্রতিহত করতে।

এর আগে জুলাইয়ের শুরুতে টানা ১৩ রাত ইরানে হামলা চালিয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত

পুরো যুদ্ধজুড়েই ইরান পাল্টা হামলা চালিয়ে আসছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও দেশটির মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।

কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও ঘটেছে।

হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। তেল, জ্বালানি ও সারসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এবং কোথাও কোথাও সরবরাহ সংকট তৈরি হয়েছে।

মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম আবার ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠে যায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ ডলারের বেশি হয়েছে।

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রেও অসন্তোষ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেও ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। আগামী নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন মার্কিন সিনেটর জ্যাক রিড।

তিনি বলেন, ছয় মাস পরও যুদ্ধের কোনো লক্ষ্য অর্জিত হয়নি। বরং তার মতে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ও বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই দুর্বল করেছে।

Related posts

টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

News Desk

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

News Desk

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি-অটোরিকশা চালকরা

News Desk

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

brs@admin

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

News Desk
Translate »