মহাকাশে থাকা পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার ইসলামাবাদে মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর সদর দপ্তর থেকে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত জিশান আলীর সঙ্গে এই কথোপকথন হয়।
কথোপকথনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং। শেহবাজ শরিফ বলেন, আজকের দিনটি তাদের সবার জন্য এবং পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য মহান দিন। প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোয় জিশান আলীকে অভিনন্দন জানান তিনি।
প্রথম পাকিস্তানি নভোচারী কে এই জিশান আলী
গত ২৫ নভেম্বর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝৌ-২৪ মহাকাশযানে করে মহাকাশে যাত্রা করেন ৪০ বছর বয়সী জিশান আলী। পাকিস্তান বিমানবাহিনীর এই পাইলট অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েন।
মহাকাশ স্টেশন থেকে জিশান আলী বলেন, পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে সেকেন্ডে ৭.৯ কিলোমিটার গতিতে কক্ষপথে ঘুরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তার জন্য মহান সম্মানের। দেশের তরুণদের উদ্দেশে তার বার্তা, শিক্ষায় এগিয়ে আসতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। অভিযানে তিনি পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর তত্ত্বাবধানে চারটি বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, সশস্ত্র বাহিনী ও পাকিস্তানের জনগণ জিশান আলীকে নিয়ে গর্বিত। শেহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, হিমালয়ের চেয়ে উঁচু আর সাগরের চেয়ে গভীর বলে বর্ণিত পাকিস্তান-চীন বন্ধুত্ব এবার আকাশ ছাড়িয়ে গেছে।

