বলিউডের অন্যতম সেরা অ্যালবাম হিসেবে স্বীকৃত রকস্টারের গানই প্রথমে পছন্দ হয়নি ছবির প্রযোজকের। আর সেই কারণে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের পুরো পারিশ্রমিক আটকে রেখেছিলেন তিনি। দেরাদুন সাহিত্য উৎসবে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে স্মৃতিচারণায় এই অজানা কথা প্রকাশ করেছেন রহমান নিজেই।
রহমান বলেন, প্রযোজক তাকে পুরো রকস্টারের জন্য এক পয়সাও দেননি। কারণ হিসেবে বলেছিলেন, তার গান পছন্দ হয়নি। ওই সময়টায় নিজের পকেট থেকে মিউজিশিয়ানদের পারিশ্রমিক আর নিজের যাতায়াতের খরচ চালিয়ে গেছেন তিনি। এমনকি পরিচালক ইমতিয়াজ আলিকেও জানাননি যে তিনি কোনো টাকা পাননি।
৮ মাস পর পারিশ্রমিক পেলেন যেভাবে
অবশেষে ছবি মুক্তির আট মাস পর পারিশ্রমিকের চেক হাতে পান রহমান। ২০১১ সালে মুক্তি পাওয়া রকস্টারের ১৪টি গানের অ্যালবাম পরে হয়ে ওঠে বলিউডের কাল্ট ক্লাসিক। কুন ফায়া কুন, নাদান পরিন্দে কিংবা সাদ্দা হকের মতো গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে।
স্মৃতিচারণায় আরও মজার গল্প শুনিয়েছেন এই জুটি। ছবির শুরুতে ইমতিয়াজ ভেবেছিলেন, রহমান হয়তো ভদ্রতা করে সরাসরি না বলতে পারছেন না। অথচ রহমান ততদিনে দুটি গানের কাজ এগিয়ে নিয়েছেন, তিনটি গানের ধারণাও তৈরি। দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগায় লোকেশন দেখতে গিয়েই সেই ভুল ভাঙে ইমতিয়াজের।
রহমান জানান, রকস্টারের একটি গান তারা ইচ্ছে করেই নিজেদের সবচেয়ে কম পছন্দের করে বানাতে চেয়েছিলেন। সেই শেহর মে হুঁ ম্যায় তেরে মুক্তির পর সুপারহিট হয়, আরব আমিরাতে টানা চার মাস ছিল চার্টের এক নম্বরে।

