ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৮১ শতাংশ শেষ হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানিয়েছে, পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরে। এর আগে জানুয়ারিতে পান্থকুঞ্জ র্যাম্প এবং আগামী জুনে কমলাপুর পর্যন্ত অংশ চালুর আশা করছে কর্তৃপক্ষ।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, আগামী বছরের জুন মাসের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। পান্থকুঞ্জ র্যাম্পটি দিয়ে প্রাথমিকভাবে শুধু যানবাহন উড়ালসড়কে উঠতে পারবে, নামার সুযোগ থাকবে না। পান্থকুঞ্জের কাজ এক বছর বন্ধ ছিল বলেও জানান তিনি।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধাপভিত্তিক অগ্রগতি
প্রকল্পটি তিনটি ধাপে নির্মিত হচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের (কাওলা-বনানী রেলস্টেশন) কাজ শতভাগ, দ্বিতীয় ধাপের (বনানী-মগবাজার) কাজ ৮৭ শতাংশ এবং তৃতীয় ধাপের (মগবাজার-কুতুবখালী) কাজ মাত্র ২২ শতাংশের বেশি শেষ হয়েছে। মানিকনগর, কমলাপুর, টিটি পাড়া ও যাত্রাবাড়ী অংশে কাজের গতি ধীর বলে জানা গেছে।
২৫ নভেম্বর সোনারগাঁও লিংক রোড এলাকায় সরেজমিনে দেখা যায়, কর্মীরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন এবং ওভারটাইমের বাড়তি টাকা পাচ্ছেন। তবে গত মাসের তুলনায় নির্মাণকাজে কর্মীর সংখ্যা কিছুটা কমেছে; আগে প্রকৌশলীপ্রতি ৭০ থেকে ১০০ জন কর্মী কাজ করলেও এখন সংখ্যাটি ৪০ থেকে ৫০ জনের মধ্যে রয়েছে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বাস্তবায়নাধীন দেশের প্রথম এই উড়ালসড়ক প্রকল্পের ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। র্যাম্পসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার, যার মধ্যে মূল উড়ালসড়ক প্রায় ২০ কিলোমিটার এবং র্যাম্প ৩১টি। কাওলা থেকে ফার্মগেট অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর এবং এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র্যাম্প ২০২৪ সালের ২০ মার্চ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

