বলিউডে এখন কাল্ট ছবির সিক্যুয়েল বানানোর ধুম চলছে। সেই তালিকায় এবার যোগ হতে যাচ্ছে ২০০০ সালের সুপারহিট রোমান্টিক ছবি ধাড়কান। ২৬ বছর পর ছবিটির দ্বিতীয় পর্ব ধাড়কান ২ নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতারা। তবে এবার থাকছেন না মূল ছবির জুটি অক্ষয় কুমার ও শিল্পা শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক রিপোর্ট অনুযায়ী, ধাড়কান ২-এর জন্য একেবারে নতুন ও ফ্রেশ স্টারকাস্ট নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। মুখ্য চরিত্রের জন্য নতুন মুখের খোঁজ চলছে, তবে কাস্টিং নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
তবে মূল ছবিতে দেব চরিত্রে দর্শকের মন জয় করা সুনীল শেঠির ভক্তদের জন্য সুখবর থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, ধাড়কান ২-তে একটি বিশেষ ক্যামিও চরিত্রের জন্য সুনীল শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার উপস্থিতি পুরোনো দর্শকদের জন্য বড় চমক হতে পারে।
ধাড়কান ২ নিয়ে যা জানা গেল
জানা গেছে, ছবিটির গল্প আবর্তিত হবে আজকের দিনের সম্পর্ক, প্রেম আর হৃদয়ভঙ্গ নিয়ে। অর্থাৎ পুরোনো ছবির আবহ ধরে রেখে নতুন প্রজন্মের প্রেমের গল্পই বলতে চাইছেন নির্মাতারা।
পরিচালনায়ও আসতে পারে বদল। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সিক্যুয়েলের জন্য টয়লেট: এক প্রেম কথা ও বাত্তি গুল মিটার চালু খ্যাত পরিচালক শ্রী নারায়ণ সিংয়ের নাম শোনা যাচ্ছে; নির্মাতাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনা চলছে বলে জানা গেছে।
আপাতত ধাড়কান ২ আছে প্রি-প্রোডাকশন ও চিত্রনাট্য রচনার প্রাথমিক পর্যায়ে। প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

