দেশে-বিদেশে যেখানে যান, সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, এনবিআর এখন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জাপান যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, সেখানেও এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে বার্তা প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
কাস্টমস-এনবিআর নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু বলেন, শুধু এনবিআর নয়, সবকিছুর বিষয়ে পরামর্শের প্রক্রিয়া তারা অব্যাহত রাখতে চান। সরকার সংস্কার নিয়ে যতই আগ্রাসী বা তৎপর হোক, স্টেকহোল্ডাররা এগিয়ে না এলে তা হবে না। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার প্রস্তুত আছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে তিনি মনে করেন। একই অনুষ্ঠানে বীমা খাত প্রসঙ্গে তিনি বলেন, বীমা খাতে হাত দেওয়ার পর থেকেই প্রভাবশালী লোকজন বাধা দিতে শুরু করেছে; খাতটি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ভালো কিছু নয়।

