বাংলাদেশে এসে সিরিজ জয়ের লক্ষ্য জানালেন পাকিস্তান কোচ হেসন । টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন করে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে দলটি। সিরিজ শুরুর আগে সোমবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন জানান, তাদের লক্ষ্য সিরিজ জেতা।
দলের নতুন সদস্যদের নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হেসন বলেন, “এটি একটি রোমাঞ্চকর দল। এখানে কিছু নতুন মুখ আছে, যারা ‘শাহীনস’-এ ভালো পারফরম্যান্স করেছে এবং পরবর্তী ধাপে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাদের দলে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”
বাংলাদেশের উইকেট নিয়েও মন্তব্য করেন পাকিস্তান কোচ। তিনি বলেন, “এবারের পিচ আগের তুলনায় অনেক ভালো মনে হচ্ছে এবং ঘাসও বেশি দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এখানে দীর্ঘদিন পিচ খুব ভালো ছিল না। তবে বিপিএলেও দেখেছি উইকেটগুলো বেশ ভালো ছিল।”
তার মতে, এবার ব্যাট ও বলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যেতে পারে। “মনে হচ্ছে উইকেটে ঘাস আছে, ফলে ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। এতে দুই দলই উপকৃত হবে। ভালো ক্রিকেট উইকেটে খেলতে এবং চ্যালেঞ্জ নিতে দুই দলই আগ্রহী।”
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হেসন বলেন, “অবশ্যই আমরা পারি। তবে বাংলাদেশের কন্ডিশনে তাদের আমরা যথেষ্ট সম্মান করি। এখানকার পরিস্থিতি টি–টোয়েন্টি সিরিজের তুলনায় আলাদা হবে। আমার মনে হয়, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুই দলই চ্যালেঞ্জের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। তাই আমাদের দ্রুত এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হবে। এখানকার পিচের সঙ্গে দ্রুত খাপ খাওয়ানোই আমাদের বড় চ্যালেঞ্জ।”
শেষে হেসন বলেন, “আমাদের সামনে যাই আসুক না কেন, নিশ্চিত করতে হবে যেন বাংলাদেশের নিজেদের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো শক্ত দল আমাদের থাকে।”

