সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। রোববার জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে, মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী সমাবেশের স্থান বদলের কারণ
রিজভী বলেন, গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু উদ্যানে উন্নয়নকাজ চলছে এবং এর বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এটি। সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে দলীয় নেতা-কর্মীসহ ঢাকাবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

