চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরেই গোলের দেখা পেলেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফেরার ম্যাচে শনিবার রাতে সান সিরোতে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করেছেন মার্কাস থুরাম।
ঊরুর চোটে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লাউতারো। গত সপ্তাহে বদলি হিসেবে ফিরলেও শুরুর একাদশে জায়গা পেলেন এই ম্যাচেই। ২৯তম মিনিটে অ্যান্ডি দিউফের পাস থেকে প্রথম শটেই বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন তিনি।
রাজকীয় প্রত্যাবর্তন যেভাবে রাঙালেন লাউতারো
বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়ান থুরাম, গোলের পেছনে অবদান ছিল লাউতারোরই পাসের। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন পেতার সুসিচ। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থুরাম। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে আসার পর ৫৯তম মিনিটে লাউতারোকে তুলে নেন কোচ ক্রিস্তিয়ান কিভু।
চলতি মৌসুমে সিরি আ-তে এটি লাউতারোর পঞ্চম গোল। এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০১৮-১৯ মৌসুম থেকে টানা নয় মৌসুমে অন্তত পাঁচটি করে গোল করার কীর্তি গড়লেন তিনি। এই তালিকায় তার সঙ্গী কেবল কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচ শেষে লাউতারো বলেন, চোটটা ছিল খুবই গুরুতর। এই ফেরার জন্য ৪৬ দিন অপেক্ষা করেছেন তিনি, কখনো কখনো দিনে দুই দফা অনুশীলন করেছেন। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন বলেও জানান তিনি।
গত সপ্তাহে আতালান্তার সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো ইন্টার এই জয়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সিরি আ-র দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা অপরাজিত লাৎসিওর পয়েন্ট ৩৫।

