ইউরোপ সফরে রাজকীয় ট্রেনযাত্রায় আলোচনায় এসেছেন মার্কিন গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস থেকে ভেনিস পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার যাত্রায় তারা ছিলেন ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট এক্সপ্রেসের সবচেয়ে বিশেষ ব্যক্তিগত কামরা ল অবজারভাতোয়ারে।
২৭ নভেম্বর প্রকাশিত পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্যে এই কামরায় একমুখী যাত্রার ভাড়া প্রায় ৮০ হাজার পাউন্ড, ডলারের হিসাবে প্রায় ১ লাখ ৫ হাজার। তবে এই অর্থ যুগলটি নিজে দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়।
কোটি টাকার ট্রেন কামরায় যা যা আছে
পুরোনো একটি রেলকোচ নতুন করে সাজিয়ে তৈরি কামরাটি অবস্থিত ট্রেনের একদম পেছনে, অন্য যাত্রীদের থেকে অনেকটাই আলাদা। ভেতরে রয়েছে শোবার ঘর, বসার ও খাবার জায়গা, প্রায় হাজার বইয়ের গ্রন্থাগার, আকাশ দেখার স্কাইলাইট আর জানালার পাশে বাথটাবসহ বিশেষ বাথরুম। যাত্রীদের জন্য সার্বক্ষণিক ব্যক্তিগত পরিচারক থাকেন, ক্যাভিয়ার আর শ্যাম্পেনের ব্যবস্থাও রয়েছে।
ইনস্টাগ্রামে সফরের ছবি শেয়ার করেছেন কেটি পেরি নিজেই। ছবিতে দেখা গেছে, সোনালি বাথটাবে আরাম করছেন তিনি, খাবার টেবিলে ট্রুডোর সঙ্গে তাস খেলছেন। রাতের খাবারে পেরির পরনে ছিল শ্যাম্পেন রঙের সিল্কের পোশাক, ট্রুডো পরেছিলেন সাদা টাক্সেডো। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তোলা তাদের সেলফিও ভাইরাল হয়েছে।
বার্সেলোনা, মিলান, প্যারিস ও ভেনিস ঘিরে এই ইউরোপ সফর। পেরি ও ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২৫ সালের জুলাইয়ে, মন্ট্রিয়লে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে। চলতি বছর জুনে ট্রাইবেকা উৎসবে জুটি হিসেবে প্রথম রেড কার্পেটে হাঁটেন তারা।

