লর্ডসে শুরু হয়েছিল, শেষ হচ্ছে মিরপুরে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের মক্কায় টেস্ট অভিষেক, ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে শেষ টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। শনিবার বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামতে চলেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের।
ঘোষণাটা এসেছে একটু অন্যভাবে। কয়েক দিন আগে মুশফিক নিজেই ফোন করে সিদ্ধান্তের কথা জানান তামিমকে। তামিম চেয়েছিলেন, সংবাদ সম্মেলনে নিজের মুখেই ঘোষণাটা দিন মুশফিক, ফেসবুক স্ট্যাটাসে নয়। কিন্তু মুশফিকের অনুরোধে শেষ পর্যন্ত ঘোষণাটা দিতে হয়েছে বন্ধু ও বোর্ড সভাপতিকেই। বিসিবি জানিয়েছে, বিদায়ী ম্যাচে তাকে যথাযোগ্য সংবর্ধনা দেওয়া হবে।
ডাবল সেঞ্চুরির রাজার রেকর্ডের ঝুলি
সংখ্যাগুলোই বলে দেয় মুশফিকের উচ্চতা। ১০৮ টেস্টে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে ৭ হাজার ৬২ রান ‐ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরি (১৪টি) তারই দখলে। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক।
২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন মুশফিক। পরে আরও দুটি ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাটে ‐ দেশের আর কারও একাধিক ডাবল সেঞ্চুরি নেই। শুধু তা-ই নয়, উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার তিনি।
গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেন মুশফিক ‐ ইতিহাসের মাত্র ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতকের কীর্তি গড়েন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ৪৮৪ আন্তর্জাতিক ম্যাচে তার রান ১৬ হাজার ৩৫৭, যা বাংলাদেশের সর্বোচ্চ। উইকেটের পেছনে ১০১টি স্টাম্পিং নিয়ে ধোনি ও সাঙ্গাকারার পরেই তার অবস্থান।
অধিনায়ক হিসেবেও মুশফিকের অধ্যায় উজ্জ্বল। রেকর্ড ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সাতটিতে। তার সময়েই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ, শততম টেস্টে হারায় শ্রীলঙ্কাকে। মিরপুর যেন ছিল তার দুর্গ ‐ এই মাঠে টেস্টে ২ হাজার ১০৭ রান, আর সব ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ২৫২ রান, যা এক ভেন্যুতে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
ক্যারিয়ারের শুরুটা অবশ্য এমন ছিল না। প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি ছিল না তার। সেখান থেকে ধারাবাহিকতায় নিজেকে গড়ে তুলেছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানে। বিপদে পড়লেই যার দিকে তাকাত দল, সেই মুশফিককে মিস্টার ডিপেন্ডেবল বলা হতো সাধে নয়।
আগামী মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আছে বাংলাদেশের ‐ চাইলে সেখানেই কাব্যিক বিদায় নিতে পারতেন মুশফিক। কিন্তু অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরই হয়ে রইল জাতীয় দলের সঙ্গে তার শেষ সফর।

