বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন। গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দীপ্তি রাজবংশী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী। স্বামীর মতোই লোকসংগীতের ভুবনে নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন তিনি।
দীপ্তি রাজবংশীর সংগীতজীবন
বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন দীপ্তি রাজবংশী। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি।
সংগীতচর্চার পাশাপাশি সংগঠক হিসেবেও সক্রিয় ছিলেন এই শিল্পী। বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে লোকসংগীত অঙ্গনের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা গভীর শোক জানিয়েছেন। পল্লীগীতির এই কণ্ঠের প্রয়াণে দেশের লোকসংগীতের ভুবনে এক শূন্যতা তৈরি হলো।

