যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, সে বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত ভ্যান্স বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি; আগামী বছরের কোনো একসময় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উপস্থাপক লরা ইনগ্রাহাম আরও জানতে চাইলে তিনি বলেন, যখনই সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে। তবে ভ্যান্সের ঘনিষ্ঠজনেরা বিবিসিকে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল তাঁর সিদ্ধান্ত গ্রহণের সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি; চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস লাগতে পারে।
উত্তরসূরি হওয়া নিয়ে ভ্যান্সের ভাবনা
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের রানিংমেট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই তাঁর হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অপেক্ষাকৃত কম বয়সি ভাইস প্রেসিডেন্টদের একজন ভ্যান্সকে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।
দায়িত্ব পালনকালে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুব একটা কথা বলেননি ভ্যান্স। মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও সমর্থকদের অনেকে তাঁকে ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়ার আহ্বান জানালেও প্রতিবারই তিনি রিপাবলিকানদের চলমান নির্বাচনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ায় এখন রিপাবলিকানদের প্রধান লক্ষ্য ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলে দলের প্রাথমিক মনোনয়ন দৌড়ে ভ্যান্স এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে; তবে লড়াইয়ে নামতে পারেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার বিদায়ী গভর্নর রন ডিস্যান্টিস ও নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ প্রভাবশালী নেতারা।
ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ভ্যান্স ও রুবিওর প্রশংসা করেছেন। তবে ২০২৮ সালের নির্বাচনে কাকে সমর্থন করবেন, এমনকি আদৌ কাউকে সমর্থন করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

