ক্ষমতায় থাকতে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় দেওয়া প্রস্তাব অনুযায়ী, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দুজন, প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট নিজে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন। সংসদে তার দল লিকুদ সবচেয়ে বড় হওয়ায় সরকারপ্রধানের দায়িত্ব তাদেরই পাওয়ার কথা, তবে সবকিছু একপাশে সরিয়ে রেখে আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে রাজি আছেন তিনি।
নিজে থাকবেন বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্বে। তবে আইজেনকটের প্রথম মেয়াদ কত দিন হবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবে যা আছে
প্রস্তাবের জবাবে আইজেনকট নেতানিয়াহু ও তার প্রতিনিধিদলকে নীতি ও কর্মসূচি নিয়ে দ্রুত ও আন্তরিক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি জানান, এক সপ্তাহ আগেই গোপন যোগাযোগের মাধ্যমে নেতানিয়াহুর কাছে ছাড়সহ বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন, যার কোনো জবাব এখনো পাননি।
তার ভাষ্য, ঐক্য মানে কে কোন পদে বসবেন তা নয়, ঐক্যের ভিত্তি হতে হয় নীতি ও মূল্যবোধ। পরে লিকুদ জানায়, দুই নেতার মধ্যে কথা হয়েছে এবং তারা রোববার সকালে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেসেটে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নেতানিয়াহুর জোট। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আইজেনকট ইতিমধ্যে ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। সরকার গঠনে তার প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে ৬ ডিসেম্বর; আগামী সপ্তাহেই নতুন সরকারের প্রস্তাব পার্লামেন্টে তোলার কথা জানিয়েছেন তিনি।
আইজেনকটের মিত্র ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান সতর্ক করে বলেছেন, এই প্রস্তাব লিকুদকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা বানচাল করার কৌশল হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ প্রস্তাবটিকে নেতানিয়াহুর আরেকটি প্রতারণা বলে মন্তব্য করেছেন।

