ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সংলাপে জোটগতভাবে অংশ নেওয়া না নেওয়ার প্রশ্নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে মতভিন্নতা তৈরি হয়েছে।
তিন দিনের এই সংলাপে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। আজ প্রথম দিনে ১৮টি দলের সঙ্গে বসার কথা থাকলেও জামায়াতে ইসলামী আজ অংশ নেবে না। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি আজকের বদলে আগামীকাল সোমবার সংলাপে অংশ নেবে বলে ইসি সম্মত হয়েছে।
ইসির সংলাপে জোটের বিভক্তি যেখানে
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারণ হলে ওই দিন সম্মিলিতভাবে ইসিতে যাবেন তারা। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি ইসির কাছে পৌঁছায়নি।
গত শুক্রবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো স্বতন্ত্রভাবে লড়বে বলে তারা ইসির সূচি অনুযায়ী আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার জোটগতভাবে ডাকলে একসঙ্গেও যাবে দলটি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে মতবিনিময়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংলাপে সভাপতিত্ব করবেন। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি। দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

