BRS TIMES
ডলার বিক্রি করেও বাজার শান্ত করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ডলার বিক্রি করেও বাজার শান্ত করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক

ডলারসংকটে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংক বাজারে কয়েক দফায় প্রায় ৭০ কোটি ডলার বিক্রি করেও দর নিয়ন্ত্রণে আনতে পারছে না। খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, ব্যাংকিং চ্যানেলেও বেড়েছে দাম।

দুই সপ্তাহ আগে খোলা বাজারে ডলারের দর ছিল ১২৮ থেকে ১২৯ টাকা। গতকাল ঢাকার কোথাও ১৩০ টাকার নিচে ডলার পাওয়া যায়নি। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) তথ্য অনুযায়ী, ৫৪টি সদস্য ব্যাংক ভিন্ন ভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে; রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বিক্রি করেছে ১২৫ টাকা ৫০ পয়সা দরে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের গড় বিনিময়হার ১২৪ টাকা ৭৩ পয়সা, সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা।

ডলার বিক্রি করেও থামছে না দরবৃদ্ধি

চলতি সপ্তাহের শুরুতে একাধিক বেসরকারি ব্যাংক আমদানির ঋণপত্রের (এলসি) বিল পরিশোধে ডলারের দর নিয়েছিল ১২৬ থেকে ১২৭ টাকা; গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ থেকে ১২৯ টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা; এক মাস আগে আন্তব্যাংক বাজারে গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডলারের বাড়তি চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংক একাধিকবার মোট প্রায় ৭০ কোটি ডলার বিক্রি করেছে। এসব বিক্রিতে ডলারপ্রতি দর ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সা, ১২৪ টাকা ২৫ পয়সা ও ১২৩ টাকা ৭৫ পয়সা। তার পরও বাজারের চাপ পুরোপুরি কমেনি।

ব্যাংকাররা বলছেন, ডলারের বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় এই চাপ তৈরি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ কমা ও রপ্তানি আয় প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় চাহিদামতো ডলার মিলছে না। জ্বালানি তেল, এলএনজি ও ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে; রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানিও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ, বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ; এ সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে।

ডলারসংকটে এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা; এলসি খোলার পর দর আরও বেড়ে যাওয়ায় পণ্য আনতে গচ্চা যাচ্ছে বিপুল অর্থ। তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, খোলা বাজারের দর দিয়ে বাস্তব অবস্থা বোঝা যাবে না; ব্যাংকিং খাতে এখন কোনো সংকট নেই। তাঁর ভাষ্য, ব্যবসায়ীদের চাহিদামতো ডলার দেওয়া হবে এবং রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানির পেমেন্ট বাংলাদেশ ব্যাংকই দেবে। খোলা বাজারে ব্যাংকিং চ্যানেলের তুলনায় ডলারের দাম ৩ থেকে ৪ টাকা বেশি হওয়ায় চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

Related posts

জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা আশাহত হয়েছি : শিবির সভাপতি

News Desk

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

News Desk

মা-কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

News Desk

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk

শুক্রবার লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, রাজনীতিতে নতুন মোড়

brs@admin

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk