রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানতের পাহাড় জমলেও ঋণ বিতরণে গতি নেই। এক বছরে ব্যাংকগুলোর আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা, অথচ ঋণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকার মতো। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। গত জুন শেষে ব্যাংকগুলোর আমানত আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১১ শতাংশ। বিপরীতে ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন; সেই তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আমানত বনাম ঋণ
কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী ঋণ দেওয়ার বড় সক্ষমতা থাকলেও ব্যাংকগুলো তা কাজে লাগাতে পারছে না। ছয় ব্যাংকের সম্মিলিত ঋণ-আমানত অনুপাত (এডিআর) এখন প্রায় ৬০ শতাংশ; অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে গড়ে মাত্র ৬০ টাকা ঋণ হিসেবে বিতরণ হচ্ছে। ঋণ দেওয়ার সম্ভাব্য সক্ষমতা ও প্রকৃত ঋণের ব্যবধান এক বছরে প্রায় ৪১ শতাংশ বেড়ে গত জুন শেষে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
শুধু প্রবৃদ্ধি কম নয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ঋণ বরং সংকুচিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছয় ব্যাংকের মোট ঋণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা; জুন শেষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়; ছয় মাসে কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের সঙ্গে যোগ হওয়া সুদ বাদ দিলে ঋণের প্রবৃদ্ধি আরও দুর্বল দেখাত।
মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানত বেড়েছিল প্রায় ১২ শতাংশ, যা ব্যাংক খাতে দ্রুততম; কিন্তু ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ, খাতের সবচেয়ে ধীর, যেখানে পুরো ব্যাংক খাতে ঋণ বেড়েছিল ৪ দশমিক ১ শতাংশ। ফলে ব্যাংকগুলোতে জমা নতুন অর্থের সামান্য অংশই ঋণ হয়ে বেসরকারি খাত ও উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে।

