বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে আসা এক ই-মেইলে তাঁর বাড়ি জলসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকির পর মুম্বাইজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।
ই-মেইলটি পাঠানো হয়েছে মেয়র ঋতু তাওড়ে ও বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে। এতে মেয়রের দপ্তর ও বিএমসির সদর দপ্তরসহ মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রো স্টেশনে বোমা পেতে রাখার দাবি করা হয়েছে। মেয়রের দপ্তরে বোমা বিস্ফোরণের নির্দিষ্ট সময়ের কথাও উল্লেখ রয়েছে ই-মেইলে।
হামলার হুমকির ই-মেইলে যা যা আছে
হুমকি ই-মেইলে আগামী ৩০ দিনে মুম্বাইজুড়ে গ্রেনেড হামলা এবং ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মেট্রো স্টেশনগুলোতে আইইডি বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানসহ খালিস্তান ন্যাশনাল আর্মি ও বাব্বর খালসার মতো সংগঠনের নাম এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও রয়েছে। গায়ক দিলজিৎ দোসাঞ্জের ২৭ নভেম্বরের কনসার্টে ড্রোন হামলার হুমকি দিয়ে অনুষ্ঠান বাতিলের দাবিও জানানো হয়েছে।
হুমকির পর বোমা নিষ্ক্রিয়কারী দল বিএমসির সদর দপ্তরে তল্লাশি চালিয়েছে। কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ, পাশাপাশি হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে। আজ ২৬ নভেম্বর মুম্বাই হামলার ১৮তম বার্ষিকী, ২০০৮ সালের এই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন।
এর আগেও গত ২৩ অক্টোবর মেয়রের দপ্তরে আসা এক ই-মেইলে জলসাকে নিশানা করা হয়েছিল। সেই হুমকির পর থেকে জলসার নিরাপত্তা জোরদার করা হয়েছে, ৮৪ বছর বয়সী অভিনেতা এখন বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।

