মালয়েশিয়ায় ভ্রমণ পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সংসদে এক লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশিদের বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে ৬ হাজার ৮৯৮টি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পাসের শর্ত লঙ্ঘনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড, দেশটির নাগরিকদের বিরুদ্ধে ঘটনা ৪ হাজার ৮৫৬টি। এরপর ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ ও ফিলিপাইনের ১৫৭টি ঘটনা রয়েছে।
পাসের শর্ত লঙ্ঘনে কোন দেশের কত ঘটনা
সব মিলিয়ে এই সময়ে মালয়েশিয়ায় পাসের শর্ত লঙ্ঘনের মোট ঘটনা ১৮ হাজার ৮৩৮টি, যার মধ্যে শুধু বাংলাদেশিদের ঘটনাই প্রায় ৩৭ শতাংশ। এসব ঘটনা অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারার অধীনে নথিভুক্ত হয়েছে।
পাসের শর্ত লঙ্ঘন বলতে সাধারণত ভ্রমণ ভিসা বা সামাজিক সফর পাসে মালয়েশিয়ায় গিয়ে অনুমতি ছাড়া কাজ করা কিংবা পাসে উল্লিখিত উদ্দেশ্যের বাইরে অন্য কোনো তৎপরতায় জড়িয়ে পড়াকে বোঝায়। বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী বৈধ পথে মালয়েশিয়ায় কাজ করলেও অনেকে ভ্রমণ পাসে গিয়ে অবৈধভাবে থেকে যান বা কাজে যোগ দেন।
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার, বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশটির বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। পাসের শর্ত লঙ্ঘনের এমন পরিসংখ্যান সামনে আসায় বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন ও গন্তব্য দেশের আইন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এল।

