জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং জনস্বাস্থ্য উন্নয়নে এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে জোট।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ধূমপানমুক্ত সংসদ চত্বরের সিদ্ধান্ত
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তামাকবিরোধী জোট বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা এবং সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার উদ্যোগ সেই অঙ্গীকার বাস্তবায়নেরই দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।
জোট মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ শুধু আইন প্রণয়নের কেন্দ্র নয়; এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। কাজেই সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একই সঙ্গে সংসদ চত্বরে আগত প্রত্যেকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করে জোট।
বিবৃতিতে জোট প্রত্যাশা করেছে, সংসদ চত্বর শুধু ধূমপানমুক্ত নয়, দ্রুত সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬) অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহন সম্পূর্ণ তামাকমুক্ত স্থান। জোট আশা করে, শতভাগ তামাকমুক্ত পরিবেশের এই দৃষ্টান্ত দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে।




