বিয়ের সাজে তাসনিয়া ফারিণ, হাতে পিস্তল। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আরও তিন তরুণ, তাঁদের হাতেও বন্দুক। মঙ্গলবার এমন কয়েকটি ছবি প্রকাশের পরই তৈরি হয়েছে কৌতূহল। ছবিগুলো চরকির নতুন অরিজিনাল সিরিজ ডাকাতিয়া বাঁশির ঘোষণার।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। ফারিণের সঙ্গে এতে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। পরিচালনা করছেন ইমরাউল রাফাত, চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
ডাকাতিয়া বাঁশিতে ফারিণ ক্যামেলিয়া
সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি ফারিণকে। এই সিরিজে তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। ফারিণ জানিয়েছেন, নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী, চরিত্রে অনেক অন্ধকার দিক আছে। সিরিজে এবারই প্রথম কমেডি করছেন তিনি।

ফারিণের কথায়, ওটিটিতে থ্রিলার আর খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চেয়েছেন তিনি, যাতে দর্শকেরা নতুন স্বাদ পান। তাঁর জন্যও এটি নতুন অভিজ্ঞতা।
ঘোষণার ছবিতে বন্দুক হাতে দেখা গেছে এরফান মৃধা শিবলুকেও। তবে ছবি দেখে তাঁর চরিত্র সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন এই অভিনেতা। তাঁর ভাষায়, গল্পটা মজার হলেও তাঁর চরিত্রে সন্দেহ আছে, চরিত্রটা একেক সময় একেক রকম। গল্পে পারিবারিক সম্পর্কের বিষয়টিও তাঁর ভালো লেগেছে।
পার্থ শেখের জন্যও সিরিজটি নতুন ধরনের অভিনয়ের সুযোগ। চরিত্রটির মনস্তত্ত্ব ও পরিস্থিতি নিয়ে কাজ করছেন তিনি। তাঁর চরিত্রে এমন কিছু স্তর আছে, যা আগে কখনো অভিনয়ে মোকাবিলা করেননি।

ডাকাতিয়া বাঁশি দিয়ে দীর্ঘ বিরতির পর ওটিটির কাজে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর কাছে সিরিজ নির্মাণের বড় চ্যালেঞ্জ প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখা। নির্মাতা জানান, সিরিজটিতে রয়েছে একের পর এক অপ্রত্যাশিত মোড়।
চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি জানিয়েছেন, ওটিটিতে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা গেলেও ডার্ক কমেডি তুলনামূলক কম, সে কারণেই এবার এ ধরনের কাজ নিয়ে আসা। সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। চরকি জানিয়েছে, শিগগিরই মুক্তি পাবে সিরিজটি, তবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি।




