BRS TIMES
চোরাগোপ্তা হামলার গোয়েন্দা তথ্য ‐ সতর্ক ৩০ জেলার পুলিশ
জাতীয়প্রচ্ছদরাজনীতি

চোরাগোপ্তা হামলার গোয়েন্দা তথ্য ‐ সতর্ক ৩০ জেলার পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়ে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার সরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিবিশেষকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন, এমন ব্যক্তিদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা রয়েছেন। তাঁদের সতর্ক করা হয়েছে।

চোরাগোপ্তা হামলার পরিকল্পনা

পুলিশ সদর দপ্তর-সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারও কারও মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। অন্যান্য মাধ্যমেও এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়েছে পুলিশ।

নাশকতার জন্য সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দেশে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন বলেও আশঙ্কা করছে পুলিশ। নির্দেশনায় সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

গোপালগঞ্জের ঘটনাগুলোর বাইরে গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে বিভিন্ন স্থানে ৮৩টি পরিবহনে আগুন এবং ৮৭টি স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বর অনলাইনে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল, নতুন করে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির কথা অনলাইনে প্রচার করা হচ্ছে।

অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তাঁর মুখপাত্রের বরাতে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আওয়ামী লীগের নতুন কর্মসূচি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঘটনা চলতে পারে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

তবে যেকোনো নাশকতা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রগুলো। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ঢাকাসহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

Related posts

আগামীকাল ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সোফি

rahman himel

ধলেশ্বরীে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

News Desk

উপদেষ্টা মাহফুজ আছে সন্দেহে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ’লীগের হামলা

News Desk

বরিশাল জেলা ও মহানগরে সিসি ক্যামেরা স্থাপন

News Desk

ইরান ‘আলোচনা করতে চায়’, বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প

News Desk

সারাদেশে এইচএসসি সমমান পরীক্ষা শুরু

brs@admin