মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আগে দর্শক ভোটে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোতে বাংলাদেশ সময় আজ সকাল ছয়টায় শুরু হয়েছে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
ফিনালের প্রায় এক ঘণ্টা আগে আসে এই সুখবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে থাকা মাহি ভোট গ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে উঠে আসেন এক নম্বরে।
দর্শক ভোটে শীর্ষে মাহি
গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শকদের আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আজ ভোর পাঁচটা বাজার কিছু আগেই সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠে আসেন তিনি।
দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি জায়গা করে নেবেন সেরা ৩০-এ। তবে ভোট গ্রহণের শেষ এক ঘণ্টায় কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর।
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ডে অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন মাহি। দুই পর্বেই তাঁর পোশাক ও হাঁটার প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকেরা। ফিনালের আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।
গ্র্যান্ড ফিনালের শুরুতেই ঘোষণা করা হবে সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বে বেছে নেওয়া হবে সেরা ১২ জনকে, ইভনিং গাউন পর্ব থেকে বাছাই করা হবে সেরা পাঁচজনকে। প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের মিস ইউনিভার্স।

