উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ২ মিনিটে প্রথম ও ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।
হঠাৎ পরপর দুই দফা কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং ও শিলিগুড়ির পাশাপাশি সিকিমেও কম্পন টের পাওয়া গেছে।
দুই মিনিটের ব্যবধানে পরপর দুই দফা কম্পন অনুভূত হওয়ায় উত্তরবঙ্গের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানানো হয়নি।




