মঞ্চে কথা বলার সময় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঠোঁটে আঙুল রেখে চুপ থাকার ইঙ্গিত দিয়েছেন ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসেছিল গ্লোবাল পিস অনার্স ২০২৬-এর আয়োজন। ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় নিহতদের স্মরণ ও নিরাপত্তা রক্ষায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে অমৃতা ফড়নবিসের দিব্যজ ফাউন্ডেশন। অনুষ্ঠানে শাহরুখ ও অনন্ত ছাড়াও ছিলেন সদগুরু, রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত ম্যাসি প্রমুখ।
শাহরুখ খানের সঙ্গে মঞ্চে যা ঘটল
ভিডিওতে দেখা যায়, মঞ্চে সদগুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি; পাশে ছিলেন শাহরুখ খান। হাসি-আনন্দের মধ্য দিয়ে চলছিল তিনজনের কথোপকথন। একপর্যায়ে শাহরুখ কিছু বলতে শুরু করলে অনন্ত তাঁর ঠোঁটে তর্জনী রেখে নীরব থাকার ইঙ্গিত দেন ‐ যেন সদগুরুকে বলতে দেওয়ার কথা বলছেন তিনি।
অনন্তের এমন আচরণে মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ। তবে পরিস্থিতি সামাল দিতে সময় নেননি তিনি; কিছুক্ষণ পর হাসিমুখে কথা বলা থামিয়ে আশপাশের অন্য অতিথিদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়েন বলিউডের এই অভিনেতা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষের মন্তব্য, প্রকাশ্য অনুষ্ঠানে কিং খানের মতো তারকার প্রতি এমন আচরণ টাকার ক্ষমতারই প্রকাশ। অন্য পক্ষের মতে, এটি ঘনিষ্ঠদের মধ্যে স্বাভাবিক একটি মুহূর্ত, যা অতিরঞ্জিতভাবে দেখা হচ্ছে।
ঠিক কী কারণে অনন্ত এই ইঙ্গিত দিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আয়োজক কিংবা দুজনের কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। উল্লেখ্য, শাহরুখকে শিগগিরই দেখা যাবে কিং ছবিতে; ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর।




