রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছিল কেন্দ্রটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এ সময় উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল কেন্দ্রটি।
প্রথম দফার পরীক্ষায় উৎপাদন শুরুর ২৯ মিনিটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াট করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।
কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।




