BRS TIMES
প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ ‐ প্রথম দিনেই এনসিপির শর্ত
জাতীয়প্রচ্ছদরাজনীতি

প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ ‐ প্রথম দিনেই এনসিপির শর্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঐক্যের জন্য প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই আহ্বানের ধারাবাহিকতায় দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপ। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আজকের আলোচনায় অংশ নেবে।

এনসিপির শর্তে যা আছে

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, সংলাপে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানাবেন তাঁরা। তাঁর ভাষায়, এই পদক্ষেপেই বোঝা যাবে সরকার সত্যিই জাতীয় ঐকমত্য চায় কি না।

দ্বিতীয় শর্ত হিসেবে নাহিদ বলেন, জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় কেবল ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকাতে ঐক্য চেয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হবে না বলেও সতর্ক করেন তিনি।

সংলাপে আরও যেসব বিষয় তুলবে এনসিপি, সেগুলো হলো গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গঙ্গা চুক্তির নবায়ন ও শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা। পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলা হবে।

পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরে আছেন; ২৬ নভেম্বর দেশে ফিরলে তাঁর দলের সঙ্গে সংলাপ হতে পারে ২৭ বা ২৮ নভেম্বর। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Related posts

ট্রাম্পের অপবাদে ক্ষুব্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

শিশির মনির ও শিবির প্রসঙ্গে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য

News Desk

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

News Desk

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি

brs@admin