BRS TIMES
হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য দেশ নয় ‐ ডা. জাহেদ
জাতীয়প্রচ্ছদরাজনীতি

হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য দেশ নয় ‐ ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে, এমন যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো চাপে নেই।

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি নিয়ে কী হতে যাচ্ছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তির আলোচনা বা সমঝোতার সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার সহ্য করবে না। তবে পুলিশ এমনভাবে কাজ করবে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা আনুপাতিক থাকে। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের উসকানিতে যারা কর্মসূচি পালন করছে, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর মাশুল তাদের দিতে হবে। তবে আওয়ামী লীগের কর্মসূচি ডাকলেই যে কিছু ঘটবে, এমন নয়। সারা দেশে এ নিয়ে তেমন সমস্যা হচ্ছে না।

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, আরও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জন্য বদলি করা হচ্ছে। গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যেভাবে গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দিচ্ছে, তা প্রশংসা পাচ্ছে। প্রথম দিনে পরিস্থিতি এমন ছিল যে, বেশি বলপ্রয়োগ করতে হতো। পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে, তা সঠিক ছিল এবং কৌশলের অংশ।

আওয়ামী লীগের সঙ্গে সরকারি কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন। তবে প্রজাতন্ত্রের কর্মচারী থাকা অবস্থায় দলীয় সম্পৃক্ততা থাকলে তা গুরুতর বিষয়। চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মী কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাদের ওপর সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে।

এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।

Related posts

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজন নিহত

News Desk

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব

News Desk

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

News Desk

যুদ্ধের বিরোধিতা করায় কারাদণ্ডের মুখে রাশিয়ার মানবিক কর্মী

News Desk

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু ‐ ভর্তি ১৫৯৫ জন

rahman himel