BRS TIMES
প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
জাতীয়প্রচ্ছদসারাদেশ

প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

অবশেষে বিদ্যুতের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

মঙ্গলবার বিকাল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এর উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ০৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম। ছবি: সংগৃহীত

পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ০৪‐০৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক ঘণ্টার জন্য এটি গ্রিডের সঙ্গে যুক্ত থাকবে। এই সময়ে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন ধরনের সক্ষমতা যাচাই ও কিছু পরীক্ষা করা হবে।

এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদনের পর গ্রিডে যুক্ত করা হবে আবার।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গ্রিডে যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পরই এই অনুমোদন দেওয়া হবে।

প্রথম ইউনিটের গ্রিড সংযোগ হলো ঐ ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রক্রিয়া। তবে এর অর্থ এই নয় যে, বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে।

বরং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা মাত্র।

এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে।

এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (শাটডাউন) করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হবে।

তবে, পুরো সময় জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে পরেও এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

শুরুতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর আস্তে আস্তে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পূর্ণ ক্ষমতায় যেতে ৭‐৮ মাসের মতো সময় লাগবে। এই সময়েও চলবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এতে বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হওয়ার পাশাপাশি শুরু হবে পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতার নতুন অধ্যায়ও।

১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট।

চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখন থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে।

দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।

প্রথমবারের মতো গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সংগৃহীত

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি।

Related posts

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড়’ হামলা

News Desk

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

brs@admin

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News Desk

রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

brs@admin

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

News Desk

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

News Desk