BRS TIMES
ট্রাইব্যুনালের প্রথম রায়ের এক বছর ‐ চলমান হাসিনার ছয় মামলা
জাতীয়প্রচ্ছদরাজনীতি

ট্রাইব্যুনালের প্রথম রায়ের এক বছর ‐ চলমান হাসিনার ছয় মামলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ের এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এই রায় দিয়েছিল; পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটাই ছিল প্রথম রায়।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে একই রায়ে মৃত্যুদণ্ড পেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার আরেক আসামি, রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের কারাদণ্ড। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকারপ্রধানকে সাজা দেওয়ার এটাই প্রথম নজির।

মামলার শুরুটা ২০২৪ সালের ১৪ আগস্ট, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দেওয়া হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল; চলতি বছর ১৩ জানুয়ারি প্রকাশ করা হয় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়।

ট্রাইব্যুনালের প্রথম রায়ে যা ছিল

মামলার দুটি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে দুজনেরই বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।

প্রথম অভিযোগের আমৃত্যু কারাদণ্ডের বদলে মৃত্যুদণ্ড চেয়ে গত বছর ১৫ ডিসেম্বর আপিল বিভাগে আপিল করে চিফ প্রসিকিউটর কার্যালয়; সেই আপিল এখনো শুনানির অপেক্ষায়। অন্যদিকে নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা নিজে আপিল না করায় ট্রাইব্যুনাল সূত্র বলছে, তাঁর আর আপিলের সুযোগ নেই।

এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা রয়েছে।

বিচারাধীন ছয় মামলার মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এবং চারটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে; প্রতিটি মামলায়ই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আরও দুটি মামলা তদন্তাধীন। এ ছাড়া সারা দেশে হত্যার অভিযোগসহ শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৬৭৩টি মামলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখান থেকেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি; তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো সাড়া দেয়নি।

Related posts

রাজধানীর উত্তরা থেকে মাও. মামুন নিখোঁজ

News Desk

স্পট ফিক্সিং বিতর্ক নিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে মোদির যেসব বিষয়ে আলোচনা হয়েছে

brs@admin

‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাশাপাশি অভিনয়ও করব’: অমিত হাসান

News Desk

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

brs@admin

সাবেক বিমান কর্মকর্তা হত্যায় ফের রিমান্ডে দীপ

rahman himel