ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, এমন তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও আছে তাঁদের। তবে এসব ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নাশকতার ছক যেভাবে জানল পুলিশ
পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। এসব ঘটনায় রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকায় ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে টাকা দিয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। আর দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সমন্বয় করে নাশকতা চালাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে, আবার কিছু ঘটনায় নেতা-কর্মীরা সরাসরি অংশ নিয়েছেন।
সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে, সারা দেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন।
নজর বেশি গোপালগঞ্জে। জেলাটিতে ১০ নভেম্বর দিনভর সহিংসতা ও ভাঙচুর হয়, গত রোববারও সেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আছে ১০ প্লাটুন বিজিবি ও বিপুলসংখ্যক এসআরবি সদস্য। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক ও পৌর এলাকার সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে ডিসেম্বরে ঢাকায় জমায়েত ঠেকাতে রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, নাশকতা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে; যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত।




