বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৫ অক্টোবর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাফিজ উদ্দিন আহমদ আজ আনুষ্ঠানিকভাবে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। বাংলাদেশের স্পিকারের এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, আফগানিস্তান, ভুটান, কানাডা, চীন, উত্তর কোরিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, ফিজি, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, পালাউ, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, সামোয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু ও ভিয়েতনাম।
এর আগে ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে রোববার (৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ওইদিন দুপুর সাড়ে ২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে অংশ নেওয়ার পর আগামী ১১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।




