অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনসের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠিকানা জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।
মুরসালিন সরকারের পরিচালনায় নির্মিত ঠিকানা ছবির গল্প লিখেছেন তাহসিন রিফাত নূর রুফতি। ছবিতে অভিনয় করেছে দুই শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উৎসবের ২৫তম আসরে দেখানো হবে ছবিটি।
গত ফেব্রুয়ারিতে বিগ প্রোডাকশনসের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। জন্মদিন উপলক্ষে শুক্রবার ছবিটির পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে উৎসবে নির্বাচিত হওয়ার খবরটি জানান তিনি।
নতুন যাত্রা বুবলীর প্রযোজনায়
কেবিন ক্রু হিসেবে কর্মজীবন শুরু করা বুবলী পরে বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেন। ২০১৬ সালে বসগিরি ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। সবশেষ তাঁকে দেখা গেছে প্রেশার কুকার ছবিতে।
ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় চলছে বুবলীর। গত ১১ মে দ্বিতীয়বার মা হয়েছেন তিনি, কন্যা শারলিন খানের জন্মের খবর জানান ৫ জুন। অভিনয়ে ফেরার কথা রয়েছে জাহিদ হোসেনের ঢাকাইয়া দেবদাস ছবি দিয়ে, জানুয়ারিতে তাঁর অংশের শুটিং হওয়ার কথা।

