‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির ঘোষণা, থাকছে নতুন চমক । জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’–এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার অভিনীত এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে এবং শিগগিরই কাস্টিং নির্ধারণ করা হবে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ নির্মাণে থাকছে বেশ কিছু নতুন চমক। ছবিতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি একাধিক খলনায়ককেও দেখা যাবে।
সিনেমাটির গান ও অ্যাকশন দৃশ্য আন্তর্জাতিক মাত্রায় উপস্থাপন করতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযোজকের ভাষ্য অনুযায়ী, এই পর্বটি দর্শকদের জন্য বড় ধরনের চমক হয়ে উঠতে পারে।
এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনও নাকচ করেছেন নাদিয়াদওয়ালা। তিনি জানান, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য প্রস্তুত।
বিশাল বাজেটের এই ছবিতে শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। অক্ষয় কুমারের সঙ্গে এই কিস্তিতে আরও অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল।
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর ২০১৫ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’। আনিস বাজমি পরিচালিত এই দুই সিনেমাই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।