চীনের সম্ভাব্য গুপ্তচরবৃত্তি ও সাইবার নজরদারির আশঙ্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোন সাময়িকভাবে জব্দ করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার শেনজেন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর সাংবাদিকদের ফোনগুলো বিশেষ সংকেতরোধী ব্যাগে রাখা হয়।
হোয়াইট হাউসের পুল প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ওঠার পর একজন কর্মকর্তা সাংবাদিকদের কাছ থেকে বেশ কয়েকটি ফোন সংগ্রহ করে ফ্যারাডে ব্যাগে রাখেন। এসব ব্যাগ মোবাইল ফোনের সংকেত আটকে দেয়, ফলে নজরদারি ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি কমে। সাংবাদিকদের বলা হয়, এটি সম্ভাব্য গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা সতর্কতা।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে চীনের শেনজেনে গিয়েছিলেন সাংবাদিকরা। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন ট্রাম্প।
সাংবাদিকদের ফোন নিয়ে যা ঘটল
চীনে পৌঁছানোর আগেই সফরসঙ্গী বেশির ভাগ সাংবাদিক ও আলোকচিত্রী তাঁদের নিয়মিত ব্যক্তিগত ও পেশাগত ডিভাইস ফ্যারাডে ব্যাগে রেখেছিলেন; অনেকে সাময়িক ব্যবহারের জন্য আলাদা বার্নার ফোন ও ল্যাপটপ ব্যবহার করেন। ফেরার পথে শুধু চীনে ব্যবহৃত ডিভাইসগুলোই সংগ্রহ করা হয়। কর্মীদের বার্নার ফোনগুলো নেওয়া হয় নষ্ট করা বা তথ্য মুছে ফেলার জন্য। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফোনগুলো সাংবাদিকদের ফেরত দেওয়া হয়।
ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জ্যাকি হাইনরিখ জানান, গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় সাংবাদিকদের ফোন এভাবে নেওয়া হয়নি। অস্বাভাবিক এই পদক্ষেপে প্রথমে জল্পনা তৈরি হয়, এয়ার ফোর্স ওয়ান হয়তো পথে অন্য কোথাও থামবে। পরে জানা যায়, জ্বালানি না নিয়েই শেনজেন থেকে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পর্যন্ত এয়ার ফোর্স ওয়ানের দীর্ঘতম বিরতিহীন যাত্রার জন্যই আকাশসীমার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল।

