28.5 C
Bangladesh
Monday, October 5, 2026
BRS TIMES
স্বর্ণের দামে ঊর্ধ্বগতি চলছেই
অর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

স্বর্ণের দামে ঊর্ধ্বগতি চলছেই

আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) সংকট ও দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার টাকা ছাড়িয়েছে।

এদিকে চলতি আগস্টে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এতে ধারণা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মূল্যবান ধাতুটি আবারও আকর্ষণীয় হয়ে উঠছে।

ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা স্বর্ণের বাজারে সামনে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর স্বর্ণের দাম জানুয়ারিতে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলার থেকে জুনে ৪ হাজার ডলারের নিচে নেমে যায়। তেলের দাম বাড়ার মধ্যে বিনিয়োগকারীরা নগদ অর্থ বা তারল্য ধরে রাখার দিকে ঝুঁকেছিলেন।

একই সময়ে কিছু কেন্দ্রীয় ব্যাংক অভ্যন্তরীণ অর্থনীতিকে সহায়তা করতে তাদের রিজার্ভ ব্যবহার করে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘মনে হচ্ছে যেন স্বর্ণের ওপর থেকে অবশেষে হ্যান্ডব্রেকটি সরিয়ে নেওয়া হয়েছে।’

চলতি মাসে স্বর্ণের দাম দুটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ স্তর অতিক্রম করেছে। তেলের দাম কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের দুর্বল মুদ্রাস্ফীতির তথ্য এতে সহায়তা করেছে। এর ফলে ভবিষ্যতে সুদের হার বাড়ার প্রত্যাশাও কমেছে।

এইচএসবিসির প্রধান মূল্যবান ধাতু বিশ্লেষক জেমস স্টিল বলেন, ‘যদি তেল আবার প্রধান আকর্ষণ না হয়ে ওঠে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি না ঘটে এবং তেলের দাম না বাড়ে, তাহলে স্বর্ণের দাম বাড়ার পথটিই সবচেয়ে সহজ হবে।’

গত দুই সপ্তাহে স্বর্ণের দামে শক্তিশালী পুনরুদ্ধার দেখা গেছে। স্টিলের মতে, এতে বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংক বা সার্বভৌম সম্পদ তহবিলগুলো স্বর্ণ কিনতে সক্রিয় ছিল। তবে তিনি এটিকে নিশ্চিত তথ্য নয়, বরং একটি অনুমান হিসেবে উল্লেখ করেছেন।

স্বর্ণের বড় বারের প্রাতিষ্ঠানিক চাহিদাও দাম বাড়ার আরেকটি সম্ভাব্য কারণ। চীনসহ এশিয়ার বিভিন্ন বাণিজ্যকেন্দ্রে স্বর্ণের প্রিমিয়াম নতুন করে কেনার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে চীনে স্বর্ণের প্রিমিয়াম ছিল প্রতি আউন্স ১.৫০ ডলার।

স্টিল বলেন, ‘আমার মনে হয়, এটি আসলে ইরানের সঙ্গে সংঘাতের আগে বড় বড় প্রতিষ্ঠানগুলোর যে অবস্থান ছিল, তা পুনর্গঠন করা।’

তবে স্বর্ণের দাম বাড়ার পথে কিছু বাধাও রয়েছে। ইরান যুদ্ধ শেষ করার আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা, গহনা ও মুদ্রার চাহিদা কমে যাওয়া এবং সুদের হারের প্রতি সংবেদনশীল স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের প্রবাহ কম থাকায় বুলিয়নের ঊর্ধ্বগতি সীমিত হতে পারে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথমার্ধে স্বর্ণ-সমর্থিত ইটিএফগুলোতে মাত্র ৭ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ এসেছে। এসব তহবিলের ব্যবস্থাপনায় থাকা মোট সম্পদের পরিমাণ ৫৮২ বিলিয়ন ডলার।

স্বর্ণের দাম আরও বাড়ার পথে প্রযুক্তিগত কিছু সংকেতও বাধা হয়ে দাঁড়াতে পারে। রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) বলছে, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে ‘ওভারবট’ বা অতিরিক্ত কেনার পর্যায়ের দিকে এগোচ্ছে। একই সময়ে ২০০ দিনের মুভিং অ্যাভারেজ, যা বর্তমানে ৪ হাজার ৫০৪ ডলারে রয়েছে, স্বর্ণের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ স্তর হিসেবে কাজ করছে।

Related posts

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত ২৯৭ সদস্যের গেজেট প্রকাশ

News Desk

ঈদ রেসিপি: টার্কিশ কুনাফা তৈরি করুন

brs@admin
Translate »