BRS TIMES
মজুরি মানতে নারাজ শ্রমিকেরা ‐ গাজীপুরে মহাসড়ক অবরোধ
জাতীয়প্রচ্ছদসারাদেশ

মজুরি মানতে নারাজ শ্রমিকেরা ‐ গাজীপুরে মহাসড়ক অবরোধ

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থামেনি। ১৭ হাজার টাকার মজুরি মানতে নারাজ শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে সড়কে আবর্জনা ফেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরে মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

খবর পেয়ে মহানগর ও শিল্প পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

এদিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, কারখানা ছুটি দিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন, একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের কারণে আজ জেলার অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, আগে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩২টি কারখানাও এখনো চালু হয়নি।

সম্প্রতি তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। তবে শ্রমিকদের একটি অংশ এই মজুরি অপর্যাপ্ত দাবি করে আরও বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে মঙ্গলবারও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, বুধবারও বিভিন্ন এলাকায় আন্দোলন চলে।

Related posts

কাল দেশব্যাপী বিএনপির বিজয় র‌্যালি

News Desk

পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম

rahman himel

মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় কৌশলে আসামি বদলের অভিযোগ যুবদলের

News Desk

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

News Desk

রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওআইসি

News Desk

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk