বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ শন টেইট এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। আগামী আসর সামনে রেখে তাঁকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স।
গত বছরের মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন টেইট। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তবে পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেন অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মাথায় পাকিস্তান ক্রিকেটে নাম লেখালেন তিনি।
পিএসএলে প্রধান কোচ হয়ে যা বললেন টেইট
লাহোরের সঙ্গে টেইটের সম্পর্ক নতুন নয়। গায়ানায় অনুষ্ঠিত সবশেষ গ্লোবাল সুপার লিগে দলটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে তাঁর কাজের ধরন, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ আর পেসারদের কাছ থেকে সেরাটা বের করে আনার দক্ষতা মুগ্ধ করেছিল কালান্দার্স কর্তৃপক্ষকে। সেই অভিজ্ঞতাই এবার তাঁকে প্রধান কোচের দায়িত্বে ফিরিয়ে এনেছে, রাসেল ডমিঙ্গোর জায়গায়।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। তিনি বলেছেন, গায়ানায় কাজ করার সময়ই বুঝেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মূল্যবোধের সঙ্গে তাঁর অনেক মিল রয়েছে, তাই দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে আগে কাজ করায় এখানকার কন্ডিশন ও খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলেও জানান তিনি।
টেইটকে স্বাগত জানিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানা। তিনি বলেছেন, টেইট কালান্দার্সের সংস্কৃতি, খেলোয়াড় আর আবেগপ্রবণ সমর্থকদের সঙ্গে পরিচিত, তাঁর অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা পিএসএল ১২-তে দলকে আরও এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন তিনি।
২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট, খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। বর্তমানে তিনি পাকিস্তান জাতীয় দলেরও পেস বোলিং কোচের দায়িত্বে রয়েছেন স্বল্পমেয়াদি চুক্তিতে। পিএসএলের ১২তম আসর বসবে আগামী ১৮ মার্চ থেকে ২ মে।

