BRS TIMES
আইবিএমের সিদ্ধান্তে বিপাকে এইচ-১বি ভিসাধারী ভারতীয়রা
আন্তর্জাতিকপ্রচ্ছদ

আইবিএমের সিদ্ধান্তে বিপাকে এইচ-১বি ভিসাধারী ভারতীয়রা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে কর্মভিসা ও গ্রিন কার্ডের পৃষ্ঠপোষকতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচ-১বি ভিসাধারী ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা।

সিদ্ধান্তের আওতায় থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বদলি হয়ে কাজ চালিয়ে যেতে হবে, নয়তো চাকরি ছাড়তে হবে। সিদ্ধান্ত জানানোর জন্য কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বদলি হতে রাজি হবেন না, তাদের তিন মাসের ক্ষতিপূরণ দিয়ে বিদায় করা হবে, তাদের শেষ কর্মদিবস হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

এইচ-১বি ভিসাধারীদের সামনে দুই পথ

আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিভাগ, বিশ্বজুড়ে এতে কর্মী রয়েছেন দেড় লাখের বেশি। তবে যুক্তরাষ্ট্রে কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন, তা এখনো প্রকাশ করেনি আইবিএম। সিদ্ধান্তটি প্রতিষ্ঠানটির সব বিভাগের জন্য নয়, মূলত কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য।

কেন এই সিদ্ধান্ত, সেই প্রশ্নে আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতায় পরিবর্তনের কারণেই এই পথে হাঁটতে হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মী নিয়োগের ভিসা কর্মসূচি ব্যবহার করা হয়েছে, তবে কয়েক বছর ধরেই এসব কর্মসূচিতে আইবিএমের অংশগ্রহণ কমছিল।

যারা আইবিএমে চাকরি চালিয়ে যেতে চান, তাদের বড় গন্তব্য হতে পারে ভারত। রেস্ট অব ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইবিএমের নিয়োগ ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং বিভাগের ১ হাজার ২৭৮টি শূন্য পদের তথ্য ছিল, এর মধ্যে ১ হাজার ১২৫টিই ভারতে। এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি ও যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল। তবে বদলিতে আগের সমান বেতন ও সুযোগ-সুবিধা থাকবে কি না, তা নিশ্চিত করেনি আইবিএম।

আইবিএমের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রশাসন কর্মভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর নজরদারি বাড়িয়েছে। এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারে, আর এই ভিসাধারীদের বড় অংশই ভারতীয়। ফলে সিদ্ধান্তটির সবচেয়ে বড় ধাক্কা লাগবে ভারতীয় প্রযুক্তি কর্মীদের ওপরই।

Related posts

কী বার্তা দিলেন তমা মির্জা?

News Desk

নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা, আসামী ৩৫০০

News Desk

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

brs@admin

‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

brs@admin

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

News Desk

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

News Desk