অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন শবনম বুবলী। জাহিদ হোসেন পরিচালিত ঢাকাইয়া দেবদাস সিনেমায় প্লেব্যাক করবেন তিনি। অর্থাৎ এবার সিনেমার গানে শোনা যাবে এই অভিনেত্রীর নিজের কণ্ঠ।
পরিচালক জাহিদ হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
শবনম বুবলীর গায়িকা হয়ে ওঠা
সিনেমাটিতে বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগে, তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন পরিচালক। এর আগে নিজের মাতৃত্ব সিনেমার রিচুয়াল গানে মৌসুমীকে দিয়ে গান করিয়েছিলেন জাহিদ হোসেন, সেই অভিজ্ঞতা থেকেই বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে বলে মনে করেন তিনি।
রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ বুবলীর জন্য একেবারে নতুন নয়। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে গায়িকা হিসেবে হাজির হয়েছিলেন তিনি। তবে সিনেমার গানে প্লেব্যাক এই প্রথম।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ঢাকাইয়া দেবদাস। প্রেমের গল্পের এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ, এটি এই জুটির চতুর্থ সিনেমা। আরও আছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় নতুন লটের শুটিং দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
এদিকে প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন বুবলী। তাঁর প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠিকানা জায়গা পেয়েছে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

