BRS TIMES
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা আজ দুপুরে
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা আজ দুপুরে

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

এবারের সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। একটি হলো গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। অন্যটি হলো এই খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

নতুন মজুরি নির্ধারণ

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। সভা শেষে চেয়ারম্যান জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে; সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে।

এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে বলা হয়। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Related posts

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা কলম্বিয়ার, কয়লা রফতানি বন্ধ

News Desk

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

News Desk

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

News Desk

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

নির্বাচনকে ঘিরে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

News Desk

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

News Desk