BRS TIMES
পোশাক শ্রমিকদের মজুরি ‐ সিদ্ধান্তের পথে আজকের সভা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

পোশাক শ্রমিকদের মজুরি ‐ সিদ্ধান্তের পথে আজকের সভা

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা বসছে আজ সোমবার। সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে শুরু হতে যাওয়া এই সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সভার তারিখ জানানো হয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার আলোচ্যসূচিতে রয়েছে মালিকপক্ষের প্রস্তাব দাখিল এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আজকের সভা

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ। প্রস্তাবিত কাঠামোয় চতুর্থ গ্রেডে ৩২ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, প্রথম গ্রেডে ৪৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির কথা বলা হয়েছে। সেদিন তাৎক্ষণিক প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায় মালিকপক্ষ; বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।

সেই অনুযায়ী গত ১৬ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথা বলা হলেও শ্রমিকনেতাদের একাংশ স্থগিতের পেছনে কূটকৌশলের অভিযোগ তোলেন।

শনিবার আশুলিয়ায় শিল্পাঞ্চল পরিদর্শনে গিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে বোর্ড আশাবাদী। তবে কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা; নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Related posts

বাংলাদেশ এখন পৃথিবীর ৪৭তম ক্ষমতাধর দেশ

brs@admin

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় : নাহিদ ইসলাম

brs@admin

সারাদেশে আরও ১২৭৩ জন গ্রেফতার

News Desk

আমরা হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

News Desk

ঋতুপর্ণ ঘোষ – যে নির্মাতা বদলে দিয়েছিলেন সিনেমার ভাষা

brs@admin

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

News Desk