BRS TIMES
সত্তরের বলিউড বদলে দেওয়া নায়িকা জিনাতের ৭৫তম জন্মদিন আজ
প্রচ্ছদবিনোদন

সত্তরের বলিউড বদলে দেওয়া নায়িকা জিনাতের ৭৫তম জন্মদিন আজ

সত্তরের দশকের বলিউডে নায়িকা মানেই ছিল লাজুক, সংযত আর প্রেমে মগ্ন এক নারী। সেই ছকে বড় ধাক্কা দিয়েছিলেন জিনাত আমান। খোলা চুল, পাশ্চাত্য পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে তিনি হিন্দি সিনেমার নায়িকার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। আজ ১৯ নভেম্বর সেই ছকভাঙা নায়িকার ৭৫তম জন্মদিন।

১৯৫১ সালের ১৯ নভেম্বর জন্ম জিনাত আমানের। বাবা আমানুল্লাহ খান ছিলেন চিত্রনাট্যকার, মুঘল‐এ‐আজম ও পাকিজার মতো সিনেমার চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছোটবেলাতেই বাবাকে হারান জিনাত। ১৯৭০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি, একই বছর জেতেন মিস এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক খেতাব। এই সাফল্যই তাঁর সামনে খুলে দেয় মডেলিং ও অভিনয়ের দরজা।

১৯৭০ সালে দ্য ইভিল উইদিন দিয়ে সিনেমায় অভিষেক হলেও ভাগ্য বদলায় ১৯৭১ সালে দেব আনন্দের হরে রামা হরে কৃষ্ণ ছবিতে অভিনয়ের পর। হিপ্পি সংস্কৃতিতে হারিয়ে যাওয়া তরুণী জসবিড়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে, ছবির দম মারো দম গানটিও হয়ে ওঠে সময়ের অন্যতম জনপ্রিয় গান। এই ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

জিনাতের ৭৫তম জন্মদিনে ফিরে দেখা

এরপর একের পর এক চরিত্রে প্রচলিত ধারণা ভেঙেছেন জিনাত। মনোরঞ্জন ছবিতে যৌনকর্মী, অজনবীতে ক্যারিয়ারকে মাতৃত্বের চেয়ে গুরুত্ব দেওয়া নারী, রোটি কাপড়া অউর মকান ছবিতে উচ্চাকাঙ্ক্ষী শীতল ‐ এমন চরিত্র তখনকার হিন্দি সিনেমায় ছিল বিরল। ১৯৭৮ সালে রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবিতে রুপা চরিত্রে অভিনয় করে বিতর্কের কেন্দ্রে আসেন তিনি, যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্যও পায়।

একই বছর অমিতাভ বচ্চনের সঙ্গে ডন ছবিতে রোমা চরিত্রে অভিনয় করেন জিনাত। ১৯৮০ সালে ফিরোজ খানের কুরবানি তাঁর ক্যারিয়ারের আরেকটি মাইলফলক, ছবির আপ জ্যায়সা কোই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অন্যদিকে ইনসাফ কা তারাজু ছবিতে যৌন সহিংসতার শিকার নারীর চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি ‐ গ্ল্যামারের বাইরেও তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ ছিল সেটি।

ব্যক্তিজীবনেও কম ঝড় যাননি জিনাত। সঞ্জয় খানের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ দীর্ঘদিন বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল। ১৯৮৫ সালে অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন তিনি, তাঁদের দুই ছেলে আজান ও জাহান। ১৯৯৮ সালে মাজহারের মৃত্যুর পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান জিনাত।

২০২৩ সালে ইনস্টাগ্রামে যোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে আবার জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পুরোনো সিনেমার স্মৃতি, সহশিল্পীদের গল্প আর জীবনের অভিজ্ঞতা নিয়ে তাঁর পোস্টগুলো তরুণদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর মতে, বয়স বাড়াকে ব্যর্থতা নয়, সৌভাগ্য হিসেবে দেখেন তিনি।

৭৫ বছরেও অভিনয় ছাড়ার পরিকল্পনা নেই জিনাতের। ২০২৫ সালে নেটফ্লিক্সের সিরিজ দ্য রয়্যালসে ভাগ্যশ্রী দেবীর চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। বান টিকি ছবিতেও অভিনয় করেছেন, যুক্ত হয়েছেন মারগাঁও: দ্য ক্লোজড ফাইল প্রকল্পে। বয়সের সঙ্গে আসা অভিজ্ঞতা আর স্বাধীনতাকেই উপভোগ করতে চান এই অভিনেত্রী।

Related posts

নিকার সভায় অনুমোদন পেল দুই থানা ও দুই পৌরসভা

rahman himel

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

brs@admin

খেলাধুলা সমাজের খারাপ কর্মকাণ্ড দূর করে : হাফিজ উদ্দিন

News Desk

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে নাসার অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪জন

News Desk

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ ও টাকা লুট

brs@admin