গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় অবস্থান করছিলেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে এবং আইনগত বিষয়টি যাচাই‐বাছাই করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। মামলাগুলোর বেশির ভাগই সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় দায়ের করা, যেখানে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ যেসব মামলার আসামি
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয় নাহিদের বিরুদ্ধে। গোলাপগঞ্জে আন্দোলনে গুলিতে নিহত নাজমুল ইসলামের স্ত্রীর করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও শতাধিক জনকে আসামি করা হয়েছে। সব মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে।
নুরুল ইসলাম নাহিদ সিলেট‐৬ (বিয়ানীবাজার‐গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই দায়িত্ব পালন করেন। এ ছাড়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর ও তাঁর স্ত্রীর সম্পদ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২৪ সালের আগস্টে ছাত্র‐জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নুরুল ইসলাম নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

