BRS TIMES
শ্রমিক অসন্তোষে গাজীপুর ‐ সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদসারাদেশ

শ্রমিক অসন্তোষে গাজীপুর ‐ সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ

চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবারও গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গাজীপুরে প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আর সাভারে বন্ধ, ছুটি ও কর্মবিরতি মিলিয়ে অর্ধশতাধিক কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেতন বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ চলছে। গতকাল বুধবারও ঢাকা, গাজীপুর, সাভার‐আশুলিয়া ও টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা, পুলিশের সঙ্গে ধাওয়া‐পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা পর্যন্ত সাভার শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে। এ ছাড়া ৯টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে আরও ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ‐১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান। তবে অন্যান্য সূত্রের দাবি, কর্মবিরতি পালন করা কারখানার সংখ্যা আরও বেশি।

শ্রমিক অসন্তোষে গাজীপুরের চিত্র

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে আজ সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে প্রায় ৫০টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলের ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকায় ৮ থেকে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির পর শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা যৌথভাবে তাঁদের সরিয়ে দেন বলে জানান পুলিশ সুপার। বর্তমানে ওই এলাকায় কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

এদিকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার কাঠগড়া এলাকার দুটি শিল্পগোষ্ঠীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কারখানা ও আশপাশের এলাকায় পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার সাভার ও আশুলিয়ায় ১১২টি এবং গাজীপুরে ৮৯টি কারখানা বন্ধ ছিল। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে।

Related posts

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin

দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন

News Desk

বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

News Desk

ইতিহাসের বাঁক বদলের দিন আজ ৭ নভেম্বর

rahman himel

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

রোমের অবিশ্বাস্য গোলকিপিংয়ে ঐতিহাসিক পয়েন্ট কুরাসাওয়ের

brs@admin