BRS TIMES
টোলের হিসাব গোপনের অভিযোগ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

টোলের হিসাব গোপনের অভিযোগ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত হিসাব গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, উড়ালসড়কটি দিয়ে দিনে প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও কাগজপত্রে দেখানো হচ্ছে ৮০ হাজারের কম। এসব অভিযোগ নিয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

সরকারি‐বেসরকারি অংশীদারির (পিপিপি) এই প্রকল্পের চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। আর দৈনিক চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।

এসবির প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু যানবাহনের টোল কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দেওয়া এবং একই রসিদ একাধিক গাড়িতে পুনর্ব্যবহারের অভিযোগও রয়েছে প্রতিবেদনে। সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে ওঠে না।

টোলের হিসাব নিয়ে যা বলছে সেতু বিভাগ

বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে এক্সপ্রেসওয়ে দিয়ে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে, তবে টানা নয়। টানা ১৫ দিন এই সংখ্যা অতিক্রম করলেই সরকার রাজস্ব পাবে। এসবির প্রতিবেদনকে ভুল বলছেন না জানিয়ে তিনি বলেন, প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে, টোল আদায় ঠিকভাবে হচ্ছে কি না তা তাঁরা দেখবেন। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়িরও হিসাব রাখা হচ্ছে বলে জানান তিনি।

প্রকল্পটির তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই), যেখানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো‐অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে। ২৫ বছর পর উড়ালসড়কটি সরকারের কাছে হস্তান্তর করবে বিনিয়োগকারীরা।

অভিযোগ রয়েছে, অনুমোদন ছাড়াই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে আরেকটি চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডকে যুক্ত করেছে এফডিইই। এরপর এক বছরে বিভিন্ন উচ্চ পদে থাকা বাংলাদেশিদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়া হয়েছে, ঘটেছে পদাবনতি ও চাকরিচ্যুতির ঘটনাও। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়। কর্মীদের দাবি, পিপিপি চুক্তি অনুযায়ী এফডিইই নিজেই টোল আদায় করবে, এই দায়িত্ব অন্য প্রতিষ্ঠানকে দিতে বিবিএর অনুমতি প্রয়োজন, যা নেওয়া হয়নি।

যোগাযোগ করা হলে এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান বলেন, প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ হওয়ায় যেকোনো বিষয়ে বিবিএর মাধ্যমে আলোচনা করতে হবে। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন, তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে জানেন না।

প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটির নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ চালু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, কত গাড়ি চলাচল করছে এবং কীভাবে টোল আদায় হচ্ছে, এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

Related posts

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ-গুমের নাটক সাজানো অভিযোগ

News Desk

আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ

News Desk

স্বর্ণের নতুন দাম কার্যকর, ভরি কত?

News Desk

চট্টগ্রামে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

News Desk

শাহবাগে যুদ্ধের আয়োজন করলে কে জিতবে, অপু না বুবলী?

News Desk

ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

News Desk