আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের বিজ্ঞানী ও তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এই স্যাটেলাইট তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো‐জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া জাতি ও তরুণ প্রজন্ম দুটোই পিছিয়ে পড়বে। তরুণদের আধুনিক সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে তারা বৈশ্বিক উদ্ভাবনে বিপ্লব ঘটাতে পারবে; যথাযথ সহায়তা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থী ও তরুণ গবেষকদের নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি।
তরুণ উদ্ভাবকদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল বরাদ্দ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। অর্থাভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন বা গবেষণা মাঝপথে থমে না যায়, সে জন্যই এই তহবিল রাখা হয়েছে।
নিজস্ব স্যাটেলাইট ও এভিয়েশন হাবের লক্ষ্য
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে তরুণ উদ্ভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও দক্ষতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। দেশীয় প্রতিভার ওপর ভরসা করে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
এর আগে গত জুনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন। নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।




